Views Bangladesh Logo

আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের সেই গোলই বিশ্বকাপ সেরা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন কেপ ভার্দের সিডনি লোপেস কাব্রাল। আর্জেন্টিনার বিপক্ষে করা তাঁর অসাধারণ গোলটি সমর্থকদের ভোটে নির্বাচিত হয়েছে ‘গোল অব দ্য টুর্নামেন্ট’।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ম্যাচের ৯২তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের গোলে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ১০৩তম মিনিটে বাঁ প্রান্ত থেকে ভেতরে ঢুকে দূরপাল্লার এক বাঁকানো শটে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে পরাস্ত করে দলকে ২-২ সমতায় ফেরান লোপেস কাব্রাল। বল জড়িয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে।

ওই সময় ম্যাচটি টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনাই প্রবল হয়ে উঠেছিল। তবে ১১১তম মিনিটে ডিনি বোর্হেসের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জিতে যায় আর্জেন্টিনা এবং শেষ হয় কেপ ভার্দের রূপকথার অভিযান। কিন্তু কাব্রালের গোলটি বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রশংসা পায়।

ফিফা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে কাব্রালের গোল। এর আগে ‘গোল অব দ্য টুর্নামেন্ট’-এর রাউন্ড অব ৩২ পর্বের ভোটেও বড় ব্যবধানে সেরা নির্বাচিত হয়েছিল গোলটি। পরে চূড়ান্ত ভোটাভুটিতেও শীর্ষে থেকে পুরো আসরের সেরা গোলের স্বীকৃতি পান তিনি।

গত অক্টোবরে ঘরের মাঠে ইসোয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছিল কেপ ভার্দে। প্রায় ছয় লাখ জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডের পর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে খেলার কৃতিত্ব অর্জন করে। ‘এইচ’ গ্রুপে উরুগুয়ে ও সৌদি আরবের সঙ্গে খেলে দ্বিতীয় পর্বে ওঠে দলটি।

এই পুরস্কারের মাধ্যমে কেপ ভার্দের প্রথম বিশ্বকাপ অভিযান আরও স্মরণীয় হয়ে উঠল। প্রথম অংশগ্রহণেই বড় একটি অর্জন যোগ হলো দেশটির নামের পাশে।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ