শপথ নিল নতুন মন্ত্রীসভা
শপথ নিল নতুন সরকারের মন্ত্রীসভা। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ছাড়াও ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মোঃ সাহবুদ্দিন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পর্যায়ক্রমে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। শপথের পর এক নৈশভোজের আয়োজন করা হয়।
গত ৭ জানুয়ারি নির্বাচনের পর ১০ জানুয়ারি শপথ গ্রহণ করেন সংসদ সদস্যরা। ওই দিন আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠকে শেখ হাসিনাকে সংসদ নেতা এবং মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা নির্বাচন করা হয়। ওই দিনই রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের প্রস্তাব নিয়ে যান সংসদ নেতা শেখ হাসিনা। এরপরে সন্ধ্যায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করে নতুন মন্ত্রীসভা গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাতেই নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
নতুন সরকারের মন্ত্রী হিসেবে রয়েছেন ২৫ জন। এরা হলেন-আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), আসাদুজ্জামান খান (ঢাকা-১২), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১) , উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯), ফরহাদ হোসেন (মেহেরপুর-১), মো. ফরিদুল হক খান (জামালপুর-২), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)। টেকনোক্র্যাট হিসেবে ইয়াফেস ওসমান এবং সামন্ত লাল সেন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ১১জন । এরা হলেন-বেগম সিমিন হোসেন (রিমি) (গাজীপুর-৪), নসরুল হামিদ (ঢাকা-৩), জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মো. মহিবুর রহমান (পটুয়াখালী-৪), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), জাহিদ ফারুক (বরিশাল-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), বেগম রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) এবং আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬)।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে