‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং
প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষা জোরদারে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানায়। এতে বলা হয়, ২ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রীসহ মোট ১৫ সদস্য নিয়ে ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে।
প্রাথমিক পর্যায়ে দেশের ৮ বিভাগের ৮টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে কোন কোন উপজেলায় এটি চালু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
সরকার জানিয়েছে, প্রথম ধাপে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলো এ কার্ডের আওতায় আসবে। সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও সমন্বিত ও লক্ষ্যভিত্তিক করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই কমিটিতে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিবরা। কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে—‘ফ্যামিলি কার্ড’ ব্যবস্থাপনার উপযুক্ত নকশা প্রণয়ন, সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি চূড়ান্তকরণ, প্রতিটি বিভাগে একটি করে উপজেলায় প্রবর্তনের ব্যবস্থা গ্রহণ এবং নারীদের জন্য বিদ্যমান কোনো কার্ডকে ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কি না তা পর্যালোচনা করা হবে। পাশাপাশি সুবিধাভোগীদের তথ্যভান্ডার তৈরির জন্য জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজের আওতায় প্রয়োজনীয় ডিজিটাল ব্যবস্থাপনা তথ্যপ্রণালী প্রস্তুতের বিষয়টিও বিবেচনায় থাকবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে