ভ্যাটিকানের উদ্দেশে দোহা ছাড়লেন প্রধান উপদেষ্টা
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কাতারের রাজাধানী দোহা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে রওনা দেন প্রধান উপদেষ্টা। এ সময় তাকে বিদায় জানান কাতারের চিফ অব প্রটোকল ইব্রাহিম বিন ইউসিফ আবদুল্লাহ ফাখরু।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।
ইতালির স্থানীয় সময় দুপুর সোয়া ২টায় রোমে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। সেখানে তাকে স্বাগত জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
জানা গেছে, রোমে পৌঁছানোর এক ঘণ্টা পর পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার স্কয়ারে যাবেন ড. ইউনূস। সেখানে তাকে স্বাগত জানাবেন ভ্যাটিকান সিটির জেনারেল এমিনেন্স কার্ডিনাল মাউরো গামবেটি।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের জন্য ফের সেন্ট পিটার স্কয়ারে যাবেন তিনি।
ফিরতি সফরসূচি অনুযায়ী, আগামী রোববার (২৭ এপ্রিল) সকালে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে