Views Bangladesh Logo

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মতিঝিলে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় আহত ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৭ জুন) দুপুর সোয়া ৩টার দিকে মতিঝিলে জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোকমান নামে ওই ব্যবসায়ী মতিঝিল এলাকায় চলাচলের সময় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয়।

ব্যাগটিতে প্রায় ১৭ লাখ টাকা ছিল বলে জানা গেছে।

হামলায় লোকমানের হাত ও পায়ে দুটি গুলি লাগে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী সেখান থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য আলামত পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে অভিযান চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ