হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় আবুল কাশেম (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ধলপুর টার্নিং পয়েন্ট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় পথচারী ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবুল কাশেম রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি রড ও সিমেন্টের ব্যবসা করতেন। পরিবারের সদস্যরা জানান, তিনি শরীয়তপুরে স্বজনদের সঙ্গে দেখা করে মোটরসাইকেলে ঢাকায় ফিরছিলেন। দুর্ঘটনার সময় পথচারী সাদিয়া ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সৌমিত্র সরকার তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
মতামত দিন