মারধরে আহত ব্যবসায়ী: টাকার অভাবে আইসিইউতে নেওয়া যায়নি, বাড়িতে নেওয়ার পর মৃত্যু
রাজধানীর খিলগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে মারধরের শিকার হয়ে কামরুজ্জামান খান দিপু (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আইসিইউতে ভর্তি করানো সম্ভব হয়নি অর্থাভাবে। পরে বাড়িতে নেওয়ার পর অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, গত বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় খিলগাঁও এলাকা থেকে দিপুকে ভ্যানে তুলে শাহজাহানপুরে নিয়ে মারধর করা হয়। পরে তাকে খিলগাঁও রেলগেট এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, অর্থের অভাবে স্বজনরা তাকে বাসায় নিয়ে যান। শুক্রবার সন্ধ্যায় অবস্থার অবনতি হলে মুগদা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুগদা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত কামরুজ্জামান খিলগাঁও সি ব্লকের স্থায়ী বাসিন্দা এবং এলাকায় পানির ব্যবসা করতেন।
এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মতামত দিন