মহাখালী টার্মিনালের সামনে সড়ক অবরোধে বাস শ্রমিকরা
ঢাকার মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একদল পরিবহন শ্রমিক। তাদের অবরোধের কারণে মহাখালীর পাশাপাশি বনানী, গুলশান, তেজগাঁও ও সাতরাস্তা এলাকায়ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
মহাখালী এলাকায় দায়িত্ব পালন করা পুলিশের সার্জেন্ট বেলাল হোসেন বলেন, ‘মহাখালী টার্মিনালের সামনে দুই পাশ বন্ধ করে রেখেছেন শ্রমিকরা। এ কারণে পুরো এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।’
তবে শ্রমিকদের দাবিদাওয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
সম্প্রতি মহাখালীতে অলস পড়ে থাকা বাসগুলো পূর্বাচলে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে পুলিশ। এ নিয়ে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। সেই অসন্তোষ থেকেই শ্রমিকরা সড়ক অবরোধে নেমেছেন বলে জানিয়েছেন তারা।
নিজেকে বাসচালক পরিচয় দেওয়া কামরুল হাসান বলেন, ‘টার্মিনালের বাইরে গাড়ি পাইলেই পুলিশ ডাম্পিং করতেছে, রেকার বিল ধরিয়ে দিচ্ছে।’
তার ভাষ্য, পূর্বাচলে যেখানে বাস রাখতে বলা হচ্ছে, সেখানে যথাযথ নিরাপত্তা নেই।
তিনি বলেন, ‘গাড়ির ব্যাটারি পর্যন্ত চোর নিয়ে যাচ্ছে। আমরা এ হয়রানি থেকে মুক্তি চাই। এসবের সুরাহা না হলে আমরা অবরোধ সরাব না।’
বাসচালকরা সড়কের ওপর আড়াআড়িভাবে কয়েকটি বাস রেখে যান চলাচল বন্ধ করে দিয়েছেন।
অবরোধস্থলে পুলিশের অতিরিক্ত কমিশনারের পদত্যাগ, বাস ডাম্পিং, জরিমানা ও পুলিশের হয়রানিসহ বিভিন্ন বিষয়ে শ্রমিকদের স্লোগান দিতে শোনা গেছে।
মতামত দিন