পল্লবীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন
রাজধানীর পল্লবীতে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডে সরকারি কলেজের পাশে বাসটি দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুন দেওয়া হয়।
মিরপুর জোনের উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৭টা ১৫ মিনিট থেকে সাড়ে ৭টার মধ্যে সরকারি কলেজের পাশে দাঁড়িয়ে থাকা পরিস্থান পরিবহনের বাসটিতে আগুন লাগে। কে বা কারা, কিংবা কোনো গোষ্ঠী এ ঘটনায় জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে তার সাবেক চালক ফোন করে বাসে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, তার বাসটি পুড়ে গেছে।
বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩। এ ঘটনায় থানায় কোনো মামলা করা হয়েছে কি না জানতে চাইলে মালিক জানান, এখনো মামলা করেননি।
মতামত দিন