ব্রেক ফেল করে কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়ল বাস, নিহত ১
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ঢুকে পড়ায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর থেকে উত্তরাগামী পরিস্থান পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার পর ব্রেক বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি হাসপাতালের প্রধান ফটকসংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমে ধাক্কা দেয়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা এক পথচারী বাসের চাপায় নিহত হন। আহত হন আরও একজন।
ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মশিউর জানান, চালক বারবার হর্ন বাজিয়ে পথচারীদের সতর্ক করার চেষ্টা করেছিলেন। বেশিরভাগ মানুষ সরে গেলেও মোবাইল ফোনে ব্যস্ত থাকায় এক পথচারী বাসের নিচে পড়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেক বিকল হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন