মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার
রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মরদেহটির পরিচয় এবং বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শাহজাহানপুর থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পোড়া মরদেহ পাওয়া যায়। তিনি বলেন, ‘সম্পূর্ণ পুড়ে যাওয়ায় পুরুষ নাকি নারী বোঝা যাচ্ছে না। এমনকি বয়স নির্ধারণ করাও সম্ভব হয়নি।’
এসআই জানান, শুক্রবার রাতে ফ্লাইওভারের ওপর আগুন লাগলে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে তা নিভিয়ে ফেলেন। পরে শনিবার রাতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা সংগ্রহ করতে গিয়ে পোড়া মরদেহটি দেখতে পান এবং ৯৯৯-এ খবর দেন। ধারণা করা হচ্ছে, ওই অগ্নিকাণ্ডেই ব্যক্তিটির মৃত্যু হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে