Views Bangladesh Logo

কক্সবাজারে গ্যাসপাম্পের বিস্ফোরণে দগ্ধ বেড়ে ১৬

কক্সবাজার শহরের পর্যটন এলাকা কলাতলীতে একটি নবনির্মিত এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ জানান, বিস্ফোরণ ঘটে একটি অনুমোদনহীন ফিলিং স্টেশনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকেই ‘এন আলম’ নামের স্টেশনটিতে গ্যাস লিকেজ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে পুরো এলাকায় তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরে রাত ১০টা ২০ মিনিটে ১৪ হাজার লিটার ধারণক্ষমতার গ্যাস ট্যাংকে বিকট বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশে।

খবর পেয়ে সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার ভোর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন লাগার ঘটনায় ফিলিং স্টেশন সংলগ্ন অন্তত ১০টি বসতবাড়ি এবং পর্যটক পরিবহনে ব্যবহৃত ২০ থেকে ২৫টি জিপ সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, মালিকপক্ষের অবহেলার কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় মোতায়েন আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদন ছাড়া স্টেশন পরিচালনার অভিযোগে মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে মোতায়েন আছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদনহীন এই ফিলিং স্টেশনের মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ