Views Bangladesh Logo

লারিজানি ও সোলেমানির দাফন আজ

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান আলী লারিজানি এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেমানি–এর জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা আজ (বুধবার, ১৮ মার্চ) তেহরানে সম্পন্ন হবে।

ইরান সরকার জানিয়েছে, গত সোমবার রাতে ইসরায়েলি বিমান হামলায় নিহত এই দুই শীর্ষ ব্যক্তিত্বের শেষ বিদায়ের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এই হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে।

হামলার পরদিন ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এ অভিযানের দায় স্বীকার করে। একই সময় ইরানও লারিজানি ও সোলেমানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করে।

ইরানের সেনাপ্রধান আমির হাতামি এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, এর ‘নির্ণায়ক প্রতিশোধ’ নেওয়া হবে। তার এই ঘোষণার পরপরই ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করে।

ইসরায়েলের তেল আবিব অঞ্চলে এসব হামলার ধ্বংসাবশেষ পড়ে অন্তত দুজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ইরানের দাবি, খোররামশাহর-৪ ও খায়বার শেকানসহ উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।

অন্যদিকে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১৯২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা ৩ হাজার ৭০০ ছাড়িয়েছে।

এই প্রেক্ষাপটে লারিজানি ও সোলেমানির দাফনের দিন ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। দাফনের পর ইরান তাদের সামরিক অভিযান আরও বিস্তৃত করবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ