বেইলি রোডে বহুতল ভবনে আগুন
রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে থাকা কাচ্চি ভাই, খানাসসহ কয়েকটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুনের খবর আসে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করছে।
তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ভবনটিতে পিজ্জা ইন, স্ট্রিট ওভেন, খানাসসহ আরও রেস্টরেন্ট রয়েছে। এ ছাড়াও ইলিয়েন, ক্লোজেস্ট ক্লাউডসহ পোশাকের জনপ্রিয় দোকানও রয়েছে।
এদিকে ভবনের ভেতর অনেকে আটকা পড়েছে বলে ধারণা করছেন পথচারী, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা। অনেককে ভবনের কাঁচ ভেঙে বের করতেও দেখা গেছে। এ ছাড়াও আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও হতাহতের আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে