Views Bangladesh Logo

কারসাজি ঠেকাতে রিয়েলটাইম পদক্ষেপের ঘোষণা বিএসইসি চেয়ারম্যানের

পুঁজিবাজারে স্মার্ট নিয়ন্ত্রণ ও ডিজিটাল রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবগঠিত কমিশন। একই সঙ্গে বাজারে ভালো ও মানসম্পন্ন কোম্পানির অংশগ্রহণ বাড়াতে সরাসরি তালিকাভুক্তি (ডাইরেক্ট লিস্টিং) ব্যবস্থার জন্য নতুন কাঠামো তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান।

বৃহস্পতিবার (৪ জুন) দায়িত্ব গ্রহণের পর বিকেল সোয়া ৩টার দিকে আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে যান চেয়ারম্যান ও তিন কমিশনার। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারা কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মাসুদ খান বলেন, নতুন কমিশনের লক্ষ্য হবে বাজার নিয়ন্ত্রণব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করা। প্রয়োজনীয় ক্ষেত্রে কঠোর এবং প্রযুক্তিনির্ভর নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে, আবার যেখানে সম্ভব সেখানে নিয়মকানুন সহজ করা হবে। তিনি জানান, পুঁজিবাজারের কার্যক্রম ধাপে ধাপে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে কাজ করবে কমিশন। এর মাধ্যমে দ্রুত, স্বচ্ছ ও অংশীজনবান্ধব সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বাজারে কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, কারসাজিমূলক কর্মকাণ্ড শনাক্ত হলে তাৎক্ষণিক বা রিয়েল-টাইম ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আগের তুলনায় আরও কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।

কারসাজি প্রতিরোধে বিশেষ নজরদারির আওতায় রাখা হবে জেড শ্রেণিভুক্ত কোম্পানিগুলোকে। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ ও সুরক্ষাকে কমিশনের সব কর্মকাণ্ডের মূল অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে বলে জানান তিনি।

নতুন কমিশনের প্রত্যাশা, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক নিয়ন্ত্রণব্যবস্থার মাধ্যমে পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে এনে দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী ও টেকসই বাজার গড়ে তোলা সম্ভব হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ