Views Bangladesh Logo

বিআরটিসির ‘পিংক বাসে’ ই-টিকিটিং চালু করল সহজ

নারী যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুশৃঙ্খল করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস বা ‘পিংক বাস’ সার্ভিসে ই-টিকিটিং চালু করেছে সহজ লিমিটেড। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চলাচলকারী ১৪টি বাসে পিওএস মেশিনের মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে।

সম্প্রতি রাজধানীর তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই টিকিটিং ব্যবস্থার উদ্বোধন করা হয়। এখন থেকে এসব বাসে যাত্রীরা বাসে ওঠার পর পিওএস মেশিনের মাধ্যমে ই-টিকিট সংগ্রহ করতে পারবেন।

সংশ্লিষ্টরা বলছেন, ই-টিকিট চালুর ফলে টিকিট সংগ্রহের প্রক্রিয়া আরও দ্রুত ও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে টিকিট বিক্রিতে স্বচ্ছতা বাড়বে এবং নারী যাত্রীদের সেবার মানও উন্নত হবে।

ই-টিকিটিং ব্যবস্থা বাস্তবায়নে বিআরটিসিকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে সহজ। এ জন্য সংশ্লিষ্ট বাস ডিপোগুলোতে সহজের কর্মীরা সরাসরি উপস্থিত থেকে কন্ডাক্টরদের পিওএস মেশিন পরিচালনার প্রশিক্ষণ দিয়েছেন। প্রশিক্ষণে ই-টিকিট ইস্যু, মেশিন পরিচালনা ও টিকিটিং ব্যবস্থার বিভিন্ন দিক হাতে-কলমে শেখানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৪টি মহিলা বাসে ই-টিকিটিং চালুর মধ্য দিয়ে বিআরটিসির নারী যাত্রীসেবায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থার নতুন সংযোজন হলো। পর্যায়ক্রমে গণপরিবহনের অন্যান্য ক্ষেত্রেও এ ধরনের টিকিটিং ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ