মঙ্গলবার ঢাকায় নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস
আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে শুধুমাত্র নারীদের জন্য একটি বিশেষ বাস সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এসব বাসে কেবল নারী যাত্রীদের ওঠার অনুমতি থাকবে। বিআরটিসি পরিচালিত এই বাস সেবায় চালক ও কন্ডাক্টর হিসেবেও থাকবেন নারীরা।
বিআরটিসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওস্থ বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে এই বাস সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান অবদুল লতিফ মোল্লা।
বিআরটিসি জানিয়েছে, নারীদের জন্য নিরাপদ ও আরামদায়ক গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। উদ্বোধনের পর বাসগুলো নির্ধারিত রুটে চলাচল করবে।
মতামত দিন