ইতালি পাঠানোর নামে যুবককে কেনিয়ার মাফিয়ার কাছে বিক্রি, দালাল গ্রেপ্তার
ইতালিতে বৈধভাবে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে কেনিয়ার একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করার অভিযোগে এক মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মাদারীপুরের শিবচর উপজেলার বাজেচর এলাকার বাসিন্দা তোতা মাল (৬২)। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব জানায়, ২০২৪ সালের ২৮ নভেম্বর তোতা মালসহ একটি দালাল চক্র শিবচরের উত্তরাইল এলাকার বাসিন্দা মো. তামিমকে ইতালিতে বৈধভাবে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তার পরিবারের কাছ থেকে ১৬ লাখ টাকা নেয়।
কিন্তু ইতালিতে না পাঠিয়ে প্রথমে তামিমকে শ্রীলঙ্কায় নেওয়া হয়। সেখানে কিছুদিন আটকে রেখে পরে ভারতে পাচার করা হয়। এরপর তাঁকে কেনিয়ায় নিয়ে স্থানীয় একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়।
কেনিয়ায় পৌঁছানোর পর তামিমকে মুক্তি দেওয়ার জন্য তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বাধ্য হয়ে পরিবার ৩ লাখ টাকা পরিশোধ করলেও তাকে দেশে ফেরত পাঠানো হয়নি।
এ ঘটনায় গত ১৫ মার্চ তামিমের মা শিবচর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পর র্যাব-১০ আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরহাজীরবাগ এলাকায় অভিযান চালিয়ে তোতা মালকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০-এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তোতা মালকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মানবপাচারের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান চলবে।
মতামত দিন