ব্রোড পিকে তুষারধস, নির্মল পুরজাসহ ১০ পর্বতারোহী নিখোঁজ
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ৮ হাজার ৫১ মিটার উচ্চতার ব্রোড পিকে ভয়াবহ তুষারধসের ঘটনায় নেপালের বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে প্রায় ৬ হাজার ৬০০ মিটার উচ্চতায় ক্যাম্প-২ ও ক্যাম্প-৩-এর মাঝামাঝি এলাকায় তুষারধসের পর থেকেই তাদের সঙ্গে বেস ক্যাম্পের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
আলপাইন ক্লাব অব পাকিস্তান জানিয়েছে, নিখোঁজদের মধ্যে নির্মল পুরজার পাশাপাশি পাঁচজন শেরপা গাইড এবং যুক্তরাষ্ট্র, চীন, ওমান ও পাকিস্তানের কয়েকজন পর্বতারোহী রয়েছেন। দুর্ঘটনার পর বৈরী আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে আকাশপথে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।
শুক্রবার সকালে স্কার্দু থেকে পাকিস্তান বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার ও উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। একই সময়ে বেস ক্যাম্প থেকে স্থলপথেও অনুসন্ধান অভিযান শুরু হয়েছে। তবে দুর্গম ভূখণ্ড ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
এদিকে, কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নির্মল পুরজার ট্র্যাকিং ডিভাইসের জিপিএস সংকেত বিশ্লেষণে তুষারধসের পর তাঁর অবস্থানে সামান্য পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। যদিও এতে তিনি জীবিত আছেন—এমন নিশ্চিত প্রমাণ নয়, তবুও উদ্ধারকারীরা এটিকে আশার ক্ষীণ সম্ভাবনা হিসেবে বিবেচনা করছেন। বর্তমানে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন