Views Bangladesh Logo

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার দলীয় প্রধানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন।

সোমবার (২২ জুন) লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া এক আবেগঘন বক্তব্যে স্টারমার জানান, আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার প্রতি দলের আস্থা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছিল, তিনি সেই প্রশ্নের উত্তর পেয়েছেন এবং সেটি সম্মানের সঙ্গে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্টারমার বলেন, “আমার রাজনৈতিক জীবনের প্রতিটি সিদ্ধান্তে আমি দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখার চেষ্টা করেছি। এখন সময় এসেছে দায়িত্ব অন্য কারও হাতে তুলে দেওয়ার।”

তিনি জানান, ইতোমধ্যে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কথা বলে নিজের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছেন। একইসঙ্গে তিনি লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির (এনইসি) কাছে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন।

দলীয় সূত্র অনুযায়ী, আগামী ৯ জুলাই থেকে নেতৃত্বের জন্য মনোনয়ন গ্রহণ শুরু হবে। সংসদের গ্রীষ্মকালীন অবকাশ শুরুর আগেই প্রক্রিয়াটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রতিদ্বন্দ্বিতা হলে সেপ্টেম্বরের আগেই নতুন নেতা নির্বাচিত হবেন, আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে জুলাই মাসের মধ্যেই নেতৃত্ব পরিবর্তন সম্পন্ন হতে পারে।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে ক্ষমতায় ফিরিয়েছিলেন স্টারমার। তবে সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে দলের হতাশাজনক ফলাফল, জনপ্রিয়তা হ্রাস এবং দলীয় ভেতরে ক্রমবর্ধমান অসন্তোষ তার নেতৃত্বকে চাপে ফেলে। গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন মন্ত্রী ও এমপি প্রকাশ্যে তার পদত্যাগ দাবি করেন।

স্টারমার তার বক্তব্যে সরকারের বিভিন্ন সাফল্যের কথাও তুলে ধরেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি, মজুরি বৃদ্ধি, এনএইচএসের অপেক্ষমাণ রোগীর সংখ্যা কমানো এবং আন্তর্জাতিক কূটনীতিতে ব্রিটেনের ভূমিকা জোরদারের বিষয়গুলোকে তিনি নিজের সরকারের উল্লেখযোগ্য অর্জন হিসেবে উল্লেখ করেন।

এদিকে স্টারমারের পদত্যাগ ঘোষণার পর সাবেক ম্যানচেস্টার মেয়র অ্যান্ডি বার্নহ্যামকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে। যদিও নেতৃত্বের দৌড়ে আরও কয়েকজন জ্যেষ্ঠ লেবার নেতার নামও আলোচনায় রয়েছে।

নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন কিয়ার স্টারমার। তিনি বলেন, ক্ষমতা হস্তান্তরের পুরো প্রক্রিয়ায় সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: বিবিসি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ