ভয়াবহ দাবানলে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় জরুরি অবস্থা, ঘরছাড়া ২১ হাজারের বেশি
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রদেশজুড়ে একশরও বেশি দাবানল ছড়িয়ে পড়ায় শনিবার (৮ আগস্ট) দুপুরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে শুক্রবার (৭ আগস্ট) রাতে 'বাল্ড রেঞ্জ' নামের একটি দাবানল সামারল্যান্ড জেলার দিকে তীব্র গতিতে ধেয়ে এলে পুরো সামারল্যান্ড ডিস্ট্রিক্টের ১২ হাজার বাসিন্দাকে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রাদেশিক সরকারের তথ্যমতে, বর্তমানে প্রায় ২১ হাজার ৭০০ মানুষ বাস্তুচ্যুত এবং আরও ৯ হাজার ৭০০ জনকে সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি বলেন, অনেকে বাড়িঘর হারিয়েছে, সম্পত্তি ধ্বংস হয়েছে এবং পরিবর্তিত পরিস্থিতির কারণে কেউ কেউ আটকা পড়েছেন।
তিনি আরও বলেন, "ক্ষতিগ্রস্তরা একা নন, ব্রিটিশ কলম্বিয়ার মানুষ আপনাদের পাশে আছে।"
জরুরি ব্যবস্থাপনা ও জলবায়ু প্রস্তুতি বিষয়ক মন্ত্রী কেলি গ্রিন বলেন, জরুরি অবস্থা জারি করা হলে যে বিশেষ ক্ষমতা ও আইনি সুযোগ-সুবিধা পাওয়া যায়, প্রদেশের তা প্রয়োজন; যাতে যেকোনো সংকটকালীন মুহূর্তে কোনো বিলম্ব ছাড়াই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।
তিনি উল্লেখ করেন, এর আওতায় প্রয়োজনে সাময়িক বাসস্থান অধিগ্রহণ ও নির্দিষ্ট এলাকায় স্থানীয় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের মতো ব্যবস্থা নেওয়া হতে পারে।
ভ্রমণকারীদের এখানে আসার আগে জরুরি তথ্য এবং রাস্তার আপডেট দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী কেলি গ্রিন।
গত শুক্রবার সন্ধ্যায় প্রথম ছড়িয়ে পড়া এই দাবানল মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৫০ বর্গকিলোমিটার এলাকায় বিস্তৃত হয়ে পড়ে এবং পার্শ্ববর্তী ফোল্ডার নামের ছোট শহরটিকে পুরোপুরি গ্রাস করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রাণ বাঁচাতে বাসিন্দারা যখন পালিয়ে যাচ্ছেন, তখন একের পর এক বাড়ি আগুনে পুড়ছে। পেন্টিকটনের দিকে যাওয়ার দক্ষিণাঞ্চলীয় পথগুলোতে বাস্তুচ্যুত মানুষের গাড়ির দীর্ঘ জট তৈরি হয়।
সূত্র: সিবিসি নিউজ
মতামত দিন