এআইনির্ভর হতে সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি এবং পরিচালন ব্যয় কমানোর অংশ হিসেবে বিশ্বজুড়ে ৫ হাজার ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। একই সঙ্গে আরও ৩ হাজার ৫০০ পদের কাজ বাইরের প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২৯ জুন) এক বিবৃতিতে এ ঘোষণা দেয় লাকি স্ট্রাইক ও ডানহিল ব্র্যান্ডের সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। বিএটি জানিয়েছে, চলমান পুনর্গঠন কর্মসূচির আওতায় ২০২৮ সালের মধ্যে বছরে ৬০ কোটি পাউন্ড (প্রায় ৭৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার) ব্যয় সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ পরিকল্পনার প্রভাব পড়বে কোম্পানির মোট প্রায় ৪৭ হাজার কর্মীর প্রায় ২০ শতাংশের ওপর।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, পুনর্গঠন পরিকল্পনার ফলে চলতি বছর বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার কর্মীর ওপর সরাসরি বা পরোক্ষভাবে প্রভাব পড়বে। এর মধ্যে ৫ হাজার ৫০০ কর্মী চাকরি হারাবেন, আর ৩ হাজার ৫০০ পদের দায়িত্ব আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচালিত হবে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তাদেউ মারোকো বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর রূপান্তরের মাধ্যমে ভবিষ্যতের উপযোগী, আরও দক্ষ ও ব্যয়-সাশ্রয়ী প্রতিষ্ঠান গড়ে তোলাই তাদের লক্ষ্য। এই পরিবর্তনের প্রভাব আমাদের অনেক সহকর্মীর ওপর পড়বে। তবে পুরো রূপান্তর প্রক্রিয়াজুড়ে আমরা ক্ষতিগ্রস্ত কর্মীদের প্রতি সর্বোচ্চ সম্মান ও যত্ন প্রদর্শন করব এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করব।
বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়তে থাকায় বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলো পরিচালন ব্যয় কমাতে এবং দক্ষতা বাড়াতে কর্মীসংখ্যা পুনর্বিন্যাসের পথে হাঁটছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর এই সিদ্ধান্তও সেই বৈশ্বিক প্রবণতারই অংশ।
মতামত দিন