একরামুল হত্যা মামলায় সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। ২০১৮ সালে একরামুল নিহত হওয়ার সময় তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে থেকে র্যাব-৭-এর অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন।
গত রোববার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। অভিযোগপত্রে মিফতাহ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কয়েকজনকে আসামি করা হয়। পরে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার রাত ১০টা ৩৯ মিনিটের দিকে ঢাকার সেনানিবাসের স্বপ্নচূড়া-১ ভবনের একটি কক্ষ থেকে মিফতাহ উদ্দিন আহমেদকে সেনাসদরের পুরোনো মেসে স্থানান্তর করা হয়। ‘লগ এরিয়া’ নামে পরিচিত ওই স্থানে তাকে সহকারী অ্যাডজুট্যান্ট অ্যান্ড কোয়ার্টার মাস্টার জেনারেলের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৭ মে র্যাব-৭-এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন কক্সবাজারের টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হক । সেই সময় র্যাবের পক্ষ থেকে তাকে মাদক কারবারি হিসেবে দাবি করা হলেও পরিবারের সদস্যরা শুরু থেকেই অভিযোগটি অস্বীকার করেন। তাদের দাবি ছিল, একরামুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এই ঘটনার পর একরামুলের পরিবারের কাছে থাকা একটি ফোনালাপের অডিও প্রকাশ্যে আসে। পরিবারের দাবি, র্যাবের হেফাজতে থাকা অবস্থায় একরামুল মোবাইল ফোনে স্ত্রী ও মেয়েদের সঙ্গে কথা বলছিলেন। সেই কথোপকথনের একপর্যায়ে গুলির শব্দ শোনা যায়।
অডিওটি প্রকাশের পর কথিত বন্দুকযুদ্ধের সরকারি বর্ণনা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠন ঘটনাটির নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি জানায়।
পরবর্তীতে ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং বাহিনীটির বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওই নিষেধাজ্ঞার তালিকায় মিফতাহ উদ্দিন আহমেদের নামও অন্তর্ভুক্ত ছিল।
দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একরামুল হত্যা মামলার অভিযোগপত্র দাখিল এবং মামলার অন্যতম অভিযুক্ত সাবেক র্যাব কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়ার মধ্য দিয়ে বহুল আলোচিত এ ঘটনার বিচারিক কার্যক্রম নতুন ধাপে প্রবেশ করল।
মতামত দিন