Views Bangladesh Logo

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি দাবিতে একমত ব্রিকস নেতারা

মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাত থামিয়ে অবিলম্বে গাজায় স্থায়ী ও শর্তহীন যুদ্ধবিরতির জোর দাবি জানিয়েছে উদীয়মান অর্থনীতির জোট ‘ব্রিকস’। ভারতের নয়াদিল্লিতে আয়োজিত দুদিনের শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই আন্তর্জাতিক শান্তি ও বৈশ্বিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় একমত হয়ে যৌথ বার্তা দিয়েছেন বিশ্বনেতারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ জোটভুক্ত দেশগুলোর শীর্ষপ্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে গৃহীত যৌথ ঘোষণায় গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার চক্রান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়। ইসরায়েলি সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বিশ্ব নেতারা বেসামরিক নাগরিক ও পরমাণু কেন্দ্রগুলোর ওপর হামলা না চালানোর বিষয়ে কড়া সতর্কবার্তা দেন। একই সঙ্গে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি বজায় রাখা এবং কোনো শর্ত ছাড়াই দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। এ জন্য ফিলিস্তিন সংকটের টেকসই সমাধানে ‘দ্বি-রাষ্ট্র নীতি’র প্রতি পুনরায় সমর্থন ব্যক্ত করেন তারা।

এ ছাড়াও যুদ্ধের কারণে বিশ্বের ব্যবসা-বাণিজ্য, খাবার ও জ্বালানি পরিবহন ব্যবস্থা চরম হুমকির মুখে পড়েছে। তাই বাণিজ্য সচল রাখা এবং অযৌক্তিক নিষেধাজ্ঞা আটকে দেওয়া নিয়ে ঐকমত্যে পৌঁছেছেন নেতারা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি বলেছেন, এই যুদ্ধ কারও জন্য কোনো ভালো ফল আনছে না, বরং পুরো পৃথিবীর ক্ষতি করছে।

২০০৯ সালে যাত্রা শুরু করা ব্রিকস জোটে নতুন কয়েকটি দেশ যুক্ত হওয়ায় এর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়েছে। বর্তমান জটিল রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে বিশ্ববাণিজ্য সচল রাখা ও বিশ্বশান্তি ফেরাতে নেতাদের এই ঐক্যবদ্ধ পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর আলজাজিরার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ