Views Bangladesh Logo

গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ, ‘অল্পের জন্য প্রাণে বেঁচেছি’ বললেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রোববার (৯ আগস্ট) উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, জুতা ও পানির বোতল ছোড়া হয় বলে অভিযোগ করেছেন মমতা। তার দাবি, এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি।

পুলিশ হেফাজতে মারা গেছেন বলে অভিযোগ ওঠা তৃণমূল কংগ্রেসের সাবেক এক কাউন্সিলরের স্বামী বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে হালিশহরে বিক্ষোভের মুখে পড়েন মমতা। এ সময় বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে ফেলেন এবং গাড়ির কাচে কাদা ছোড়েন। একপর্যায়ে গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ও অন্যান্য জিনিস ছোড়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মমতা অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই তার গাড়িতে পাথর ছোড়া হয়েছে।

তিনি বলেন, ইট-পাটকেল গায়ে লাগলে আমি মারাও যেতে পারতাম। গাড়ির কাচ বন্ধ না থাকলে আমার মাথা ফেটে চৌচির হয়ে যেত। আমি মারাও যেতে পারতাম। জীবনে কখনো এমন হামলার মুখে পড়িনি।

পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, হামলার সময় পুলিশ তাকে যথাযথ নিরাপত্তা দেয়নি।

মমতা বলেন, পুলিশ আমাদের সুরক্ষায় কিছুই করেনি। তারা শুধু বিজেপিকে সুরক্ষা দেয়।

তার সঙ্গে থাকা তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সদস্য দোলা সেনও প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পুলিশকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাঠি নাড়ছেন।

তবে মমতার গাড়িতে হামলার অভিযোগে বিজেপির সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে দলটি।

রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বিজেপি এ ঘটনার সঙ্গে জড়িত নয়। একই সঙ্গে হামলায় জড়িতদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সূত্র: এনডিটিভি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ