Views Bangladesh Logo

বজ্রঝড়ের শঙ্কায় অনিশ্চয়তায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ও স্কটল্যান্ডের। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় খেলা শুরুর কথা থাকলেও ঠিক সেই সময়েই তীব্র বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ফলে ম্যাচ শুরুতে বিলম্ব কিংবা খেলা চলাকালে মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফিফার নির্ধারিত নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে সঙ্গে সঙ্গে খেলা স্থগিত করতে হয়। পাশাপাশি সর্বশেষ বজ্রপাতের পর কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা না করে মাঠে ফেরা যাবে না। এই নিয়মের কারণে ম্যাচ দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে।

এই বিশ্বকাপেই এর নজির ইতোমধ্যে দেখা গেছে। ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের ম্যাচ বজ্রঝড়ের কবলে পড়ে দীর্ঘ সময় বন্ধ থাকে। পরে নতুন করে ওয়ার্মআপ সেরে মাঠে ফিরতে হয়েছিল দুই দলের খেলোয়াড়দের।

সম্ভাব্য এই পরিস্থিতি আগে থেকেই আঁচ করে প্রস্তুতি সেরেছে স্কটল্যান্ড। দলের প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, বিলম্ব হলে সেটি কৌশলগতভাবে মোকাবিলার জন্য নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তাদের। তার ভাষায়, পরিস্থিতি যেমনই হোক, দল সম্পূর্ণ প্রস্তুত।

গ্রুপ সি থেকে নকআউটে যেতে হলে স্কটল্যান্ডের এই ম্যাচে অন্তত এক পয়েন্ট দরকার। তবে হারলেও সরাসরি বিদায় নিশ্চিত নয় — অন্য ম্যাচের ফলাফলের ওপর অনেকটাই নির্ভর করবে তাদের ভাগ্য। অবশ্য চোটের কারণে এই ম্যাচেও থাকছেন না গুরুত্বপূর্ণ ডিফেন্ডার অ্যারন হিকি।

ব্রাজিল শিবিরে সুখবর হলো, ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন তারকা ফরোয়ার্ড নেইমার। তার মাঠে ফেরার সম্ভাবনা ম্যাচের উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
সব মিলিয়ে আজ রাতে মিয়ামিতে দুটি প্রশ্নের অপেক্ষায় ফুটবলবিশ্ব- আকাশ পরিষ্কার থাকলে জমজমাট লড়াই, আর বজ্রঝড় নামলে দীর্ঘ অপেক্ষা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ