Views Bangladesh Logo

‘পাঁচে পাঁচে’র মিশনে ব্রাজিল, বাধা হয়ে দাঁড়াতে প্রস্তুত জাপান

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে এশিয়ার দলগুলোর বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে ব্রাজিল। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনে শেষ ষোলোর ম্যাচে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে আগের চার ম্যাচেই জিতেছে ব্রাজিল। এবার জাপানকে হারাতে পারলে সেই রেকর্ড হবে ‘পাঁচে পাঁচ’।

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১–১ গোলে ড্র করলেও পরে হাইতি ও স্কটল্যান্ডকে ৩–০ ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউটে উঠেছে ব্রাজিল। অন্যদিকে, নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র এবং তিউনিসিয়ার বিপক্ষে ৪–০ গোলের জয়ে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে জাপান।

স্কটল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া দলেই আস্থা রেখেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেননি তিনি। তবে জাপান কোচ হাজিমে মরিয়াসু সুইডেনের বিপক্ষে খেলা দল থেকে চারটি পরিবর্তন করেছেন।

রক্ষণভাগে তাকেহিরো তোমিয়াসু ও শোগো তানিগুচিকে ফিরিয়েছেন মরিয়াসু। মাঝমাঠে কাইশু সানো সুযোগ পেয়েছেন, আর আক্রমণে জুনিয়া ইতোকে নামানো হয়েছে। রিতসু দোয়ানও একাদশে আছেন, তবে এবার তিনি খেলবেন রাইট উইং-ব্যাক পজিশনে।

দুই দলের একাদশ

ব্রাজিল (৪-৩-৩): আলিসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস; ব্রুনো গিমারাইস, কাসেমিরো, লুকাস পাকেতা; রায়ান, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।

জাপান (৩-৪-২-১): জিওন সুজুকি; তাকেহিরো তোমিয়াসু, শোগো তানিগুচি, হিরোকি ইতো; রিতসু দোয়ান, কাইশু সানো, দাইচি কামাদা, কেইতো নাকামুরা; জুনিয়া ইতো, দাইজেন মায়েদা; আয়াসে উয়েদা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ