Views Bangladesh Logo

রোনালদোর বাজি স্পেনে, রোনালদিনহোর আর্জেন্টিনা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে ফাইনালের মহারণকে সামনে রেখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে একেবারে বিপরীত দুই মূল্যায়ন দিয়েছেন ব্রাজিলের দুই কিংবদন্তি ফুটবলার। রোনালদো নাজারিও যেখানে স্পেনের সহজ জয়ের পূর্বাভাস দিয়েছেন, সেখানে তার স্বদেশি রোনালদিনহো উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আর্জেন্টিনা ও নিজের সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসির।

নিজের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টে ২০০২ বিশ্বকাপজয়ী সতীর্থ দেনিলসনের সঙ্গে আলাপচারিতায় সাহসী এক পূর্বাভাস দিয়েছেন রোনালদো নাজারিও। তার ভাষায়, স্পেন 'সহজেই' হারিয়ে দেবে আর্জেন্টিনাকে এবং শিরোপা জিতে নেবে।

রোনালদো বলেন, স্পেন সহজেই জিতবে, তাদের জন্য ম্যাচটা খুব কঠিন হবে না। শুরু থেকেই ফ্রান্স আর স্পেন আমার পছন্দের দল ছিল। স্পেনের ডিএনএতে থাকা পাসিং ফুটবলের যে ধরন, তারা যেভাবে খেলছে—এই দর্শনে তারা অনেক দিন ধরেই খেলে আসছে।

স্পেনের আধিপত্যের পেছনে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার দর্শনের অবদান স্বীকার করেন সাবেক এই স্ট্রাইকার। তিনি বলেন, আমার মনে হয় গার্দিওলার দর্শন, যা ২০০৬-০৭ সালের দিকে বার্সেলোনায় শুরু হয়েছিল, তার বড় প্রভাব রয়েছে এতে। স্পেন যেভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করে, তাদের পাসের গতি এবং জায়গা ধরে রেখে প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলার সক্ষমতা—সত্যিই অসাধারণ।

তবে আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও মেসির জাদুকরী পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন রোনালদো, যা দলটিকে ফাইনালে তুলে এনেছে। তিনি বলেন, যেভাবে তারা বারবার ম্যাচের চিত্র পাল্টে দিয়েছে, তার জন্য আর্জেন্টিনা প্রশংসার দাবিদার। মেসি এই বিশ্বকাপেও আরেকটি সুন্দর গল্প লিখেছে। এই দলের চরিত্র আর ফিরে আসার মানসিকতা থেকে শেখার অনেক কিছু আছে।

তবে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এই ব্রাজিলিয়ান। তিনি বলেন, স্পেনের বিপক্ষে তারা ঠিক কতটা সুবিধা করতে পারবে, তা নিয়ে আমার সন্দেহ আছে। স্পেনের খেলায় একটা স্বয়ংক্রিয় ছন্দ আছে, পুরো ম্যাচেই তারা বলের দখল নিজেদের কাছে রাখবে। আর্জেন্টিনা ম্যাচটা ১-০ বা ২-০ ব্যবধানে ধরে রাখতে পারবে না, কারণ স্পেনের পজেশন-নির্ভর খেলার বিপক্ষে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে।

অন্যদিকে গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার সম্মিলিত মনোভাব ও দৃঢ়সংকল্পের ভূয়সী প্রশংসা করেছেন রোনালদিনহো। তিনি বলেন, আর্জেন্টিনা ঠিক এমনই। এই ধরনের ফুটবল দেখতে আমার দারুণ লাগে। প্রতিটা ম্যাচে খেলোয়াড়দের নিবেদন সত্যিই অসাধারণ।

দলের মানসিক দৃঢ়তা আর মেসির উপস্থিতিকে মূল বিষয় হিসেবে তুলে ধরেন এই ব্রাজিলিয়ান জাদুকর। তিনি বলেন, আর্জেন্টিনা সব সময়ই এমন ছিল, তাই না? এটা একধরনের অদম্য মনোভাব আর খাঁটি হৃদয়ের ব্যাপার। আগেও তাদের এই সুনাম ছিল, আর এবারও একই পথে তারা ফাইনালে এসেছে। আর অবশ্যই, আমার বন্ধু মেসি আছে, যে একাই দলের যেকোনো সমস্যার সমাধান করে দিতে পারে।

দলের ঐক্য আর অধিনায়কের জন্য অন্য খেলোয়াড়দের ছুটে বেড়ানোর মানসিকতারও প্রশংসা করেন রোনালদিনহো। তিনি বলেন, এই দলের মধ্যে বিশাল একটা বিনয় আছে। মাঠে সবাই মেসির জন্য দৌড়ায়। তারা ভালো করেই জানে কখন তার হাতে বল তুলে দিতে হবে, আর এটাও জানে যে মেসি যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। দলের মধ্যে এই ঐক্য দেখাটা সত্যিই সুন্দর।

বার্সেলোনায় চার মৌসুম একসঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছেন রোনালদিনহো ও মেসি, সেই সময়ে চ্যাম্পিয়নস লিগসহ পাঁচটি আনুষ্ঠানিক শিরোপা জিতেছেন তাঁরা। সেই সময় থেকে গড়ে ওঠা তাঁদের বন্ধুত্ব আজও অটুট।

সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন, পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছে দলটি। অন্যদিকে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

রোনালদো যেখানে মনে করছেন স্পেনের পজেশন-নির্ভর নিয়ন্ত্রণ আর্জেন্টিনার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াবে, সেখানে রোনালদিনহোর ভরসা লা আলবিসেলেস্তের মানসিক জোর ও ঐক্যের ওপর। চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে সঙ্গে নিয়ে সমালোচকদের ভুল প্রমাণ করার আরেকটি সুযোগ খুঁজবে আর্জেন্টিনা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ