Views Bangladesh Logo

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। স্বাভাবিকভাবেই দলের এই ব্যর্থতায় হতাশ অধিনায়ক মার্কিনিওস। নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একের পর এক সুযোগ হাতছাড়া করাকেই পরাজয়ের বড় কারণ হিসেবে দেখছেন তিনি। এর পাশাপাশি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতের জন্য তরুণ ফুটবলারদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

নিউ জার্সিতে অনুষ্ঠিত শেষ ষোলোর লড়াইয়ে আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে ২–১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচজুড়ে পেনাল্টিসহ একাধিক ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় সেলেসাওরা। আর সেই ব্যর্থতাকেই ম্যাচের ফল নির্ধারণে সবচেয়ে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন মার্কিনিওস।

ম্যাচ শেষে ব্রাজিল অধিনায়ক বলেন, ‘ব্যাখ্যা করা কঠিন। এমন সময়ে কথা বলাটাও কঠিন। আমাদের অভিজ্ঞতা থেকে জানি, এ ধরনের ম্যাচ খুব কঠিন হয়। প্রতিটি বলই গুরুত্বপূর্ণ। নরওয়ে তাদের পাওয়া সুযোগগুলো কাজে লাগিয়েছে। আমরা পেনাল্টিসহ যেসব সুযোগ পেয়েছি, তার অনেকগুলোই নষ্ট করেছি। জিততে না পেরে আমরা সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আসলে বিশ্বকাপে যে দল কম ভুল করে, তারাই পরের ধাপে যায়।’

নিজের নেতৃত্বের দায়িত্বের বিষয়টিও তুলে ধরেন ব্রাজিল অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে আর বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়দের একজন হিসেবে দায়িত্ব আমাদেরই নিতে হবে, যাতে আগামী প্রজন্ম নিশ্চিন্তে কাজ করতে পারে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ