Views Bangladesh Logo

এএমআর সচেতনতা সপ্তাহ উপলক্ষে বিপিএমএফ-বিএসসিএমের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ ফার্মা মাইক্রোবায়োলজিস্টস ফাউন্ডেশন (বিপিএমএফ) ও বাংলাদেশ সোসাইটি অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্টসের (বিএসসিএম) যৌথ উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের বে লিফ রেস্টুরেন্টে এ সেমিনারের আয়োজন করা হয়।

বিপিএমএফের সভাপতি আল শাহরিয়ার (শুভ) ও সংগঠনটির নির্বাহী কমিটির সদস্যদের উদ্যোগে আয়োজিত সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘ওয়ান হেলথ, ওয়ান অ্যাকশন: প্রিভেন্ট এএমআর নাউ’। এতে ফার্মাসিউটিক্যাল ও ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট, শিক্ষক, গবেষক, ফার্মাসিস্টসহ সংশ্লিষ্ট বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।



সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিপিএমএফের সভাপতি এবং ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডেপুটি ম্যানেজার, কোয়ালিটি অপারেশন ও হেড অব মাইক্রোবায়োলজি বিভাগের দায়িত্বে থাকা আল শাহরিয়ার (শুভ)। তিনি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বৈশ্বিক পরিস্থিতি ও বাংলাদেশের প্রেক্ষাপট, অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার, হাসপাতাল-সংশ্লিষ্ট সংক্রমণ এবং জীবাণুর ওষুধ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির ঝুঁকি নিয়ে আলোচনা করেন।

আল শাহরিয়ার বলেন, এএমআর নিয়ন্ত্রণে চিকিৎসকের বৈধ ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও সরবরাহ বন্ধে কার্যকর আইন প্রণয়ন এবং এর কঠোর বাস্তবায়ন প্রয়োজন। শুধু সচেতনতামূলক প্রচারণা দিয়ে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করা সম্ভব নয়। এ জন্য নিয়মিত নজরদারি ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি এ সংকট মোকাবিলায় সরকার, চিকিৎসক, ফার্মাসিস্ট, ওষুধশিল্প, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক উপপরিচালক ও বিপিএমএফের উপদেষ্টা হারুন উর রশীদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল এইচ. সিদ্দিকী, ইনসেপ্টার কিউএ ম্যানেজার ও বিপিএমএফের উপদেষ্টা এজার আবেদিন, ডিবিএল ফার্মাসিউটিক্যালসের গবেষণা ও উন্নয়ন বিশেষজ্ঞ ড. রামবাবু বোরুগু এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডা. হাসানুল হক হীরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিপিএমএফের উপদেষ্টা আসিয়া আখতার খানম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ম্যানেজার ও মাইক্রোবায়োলজিস্ট বিপ্লব কুমার, বিপিএমএফের উপদেষ্টা ও বিএপিআইয়ের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. আফতাব উদ্দিন এবং বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান ও সেক্রেটারি মো. তানভীর আহমেদ।

সেমিনারের অন্যতম আয়োজন ছিল বিপিএমএফের উপদেষ্টাদের সঙ্গে সংগঠনটির সভাপতি ও নির্বাহী কমিটির সদস্যদের মতবিনিময়। এতে ফার্মাসিউটিক্যাল ও ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজির মধ্যে সমন্বয়, গবেষণার প্রসার, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে মাইক্রোবায়োলজির গুরুত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। উপদেষ্টারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন পরামর্শ দেন।

এদিন বিপিএমএফের নিজস্ব ওয়েবসাইটেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংগঠনের পরিচিতি, কার্যক্রম, সদস্যদের তথ্য, বৈজ্ঞানিক উদ্যোগ ও প্রকাশনা সহজে সবার কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশ-বিদেশের মাইক্রোবায়োলজিস্টদের মধ্যে যোগাযোগ ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে ওয়েবসাইটটি চালু করা হয়েছে। ওয়েবসাইটের ঠিকানা: https://bpmfbd.com/।

অনুষ্ঠানে বিপিএমএফ ও বিএসসিএমের নির্বাহী কমিটির সদস্যদের ধারণ করা এএমআর সচেতনতামূলক ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। এতে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার ও প্রতিরোধে সংশ্লিষ্ট পেশাজীবীদের দায়িত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহের প্রতিপাদ্য ও উদ্দেশ্য নিয়ে বিশেষ উপস্থাপনা দেন ড. মাহবুবুল জাফর।

বিপিএমএফের সাধারণ সম্পাদক ও ইনসেপ্টা ভ্যাকসিনের কিউসি প্রধান মো. সাইদুল ইসলাম সংগঠনের কার্যক্রম এবং এএমআর প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, ১৮ থেকে ২৪ নভেম্বর বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ উপলক্ষে বিপিএমএফ সপ্তাহব্যাপী অনলাইনে সচেতনতামূলক প্রচারণা চালায়। এ সময় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণ, ঝুঁকি, অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার ও ওয়ান হেলথ পদ্ধতির গুরুত্ব নিয়ে বিভিন্ন পোস্টার ও তথ্যভিত্তিক প্রচার চালানো হয়। এ ছাড়া সংগঠনটির সভাপতি আল শাহরিয়ার (শুভ) ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: বাংলাদেশের জন্য একটি আসন্ন বিপর্যয়’ শিরোনামে একটি সচেতনতামূলক নিবন্ধ প্রকাশ করেন।

সেমিনারে বিপিএমএফ ও বিএসসিএমের প্রতিনিধিরা এএমআর প্রতিরোধে গবেষণা, জ্ঞান বিনিময়, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেন। ফটোসেশন ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ