Views Bangladesh Logo

যুদ্ধ থামাতে ইউক্রেন ও রাশিয়া উভয়কেই কিছু ভূখণ্ড ছাড়তে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেন ও রাশিয়া উভয়কেই একে অপরকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে।

সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার আসন্ন বৈঠক মূলত একটি ‘পরীক্ষামূলক বৈঠক’ হবে, যাতে পুতিন আলোচনায় বসতে ইচ্ছুক কিনা তা যাচাই করা হবে।

ট্রাম্প বলেন, ‘আমি ভ্লাদিমির পুতিনকে বলব, তোমাকে এই যুদ্ধ শেষ করতে হবে।’ তিনি যোগ করেন, কয়েক মিনিটের মধ্যেই তিনি বুঝে যাবেন যুদ্ধবিরতির পথে অগ্রগতি সম্ভব কি না।

তিনি ভবিষ্যতে নিজের, পুতিনের এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। পুতিনের সঙ্গে আলোচনার পর তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলার পরিকল্পনা করেছেন, যাতে দ্রুত যুদ্ধবিরতি এবং রক্তপাতের অবসান ঘটানো যায়।

ইউরোপীয় কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, রাশিয়াকে বড় ধরনের ছাড় দেয়া হলে ভবিষ্যতে পশ্চিমাদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ভূখণ্ড দখলে রেখেছে, আর ইউক্রেনের হাতে রাশিয়ার কোনো ভূখণ্ড নেই।

ট্রাম্প বলেন, ভূখণ্ড ছাড় দেয়ার বিষয়ে জেলেনস্কির অবস্থান তাকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে, তবে তিনি জোর দিয়ে বলেন, ‘কিছু ভূখণ্ড বিনিময় হবেই।’

তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে এমন একটি চুক্তি হবে যা শেষ পর্যন্ত ইউক্রেনের জন্যই লাভজনক হবে। রাশিয়া ‘খুব গুরুত্বপূর্ণ ভূখণ্ড’ নিয়ন্ত্রণে রাখলেও তার কিছু অংশ ফেরানোর চেষ্টা করা হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই সংঘাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় ও প্রাণঘাতী যুদ্ধ হিসেবে রয়ে গেছে। রাশিয়া দাবি করে, ইউক্রেনের পশ্চিমা দেশের সঙ্গে ঘনিষ্ঠতা থেকে সৃষ্ট নিরাপত্তা হুমকির জবাব দিতেই তারা এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে কিয়েভ ও পশ্চিমা মিত্ররা একে সাম্রাজ্যবাদী ভূখণ্ড দখলের প্রচেষ্টা বলে নিন্দা জানায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ