রবীন্দ্র সরোবরে নাচ-গানে শুরু ‘বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’
বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ জীবনধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে ‘বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’। শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টায় নাচ ও গানের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করে বর্ষা মঙ্গল পরিষদ।
আয়োজকদের মতে, উৎসবের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশের বর্ষাকালের সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ জীবনধারাকে আকর্ষণীয়ভাবে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা। ভবিষ্যতে পহেলা বৈশাখের মতো এটিকে একটি সর্বজনীন, জনপ্রিয় ও জাতীয় সাংস্কৃতিক উৎসবে পরিণত করার লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে এ আয়োজন করা হবে।
বর্ষা মঙ্গল পরিষদ জানায়, বর্তমান সময়ে নতুন প্রজন্মের সাংস্কৃতিক চর্চা থেকে দূরে সরে যাওয়া এবং দেশীয় সংস্কৃতির ওপর বিভিন্ন ধরনের আগ্রাসনের প্রেক্ষাপটে এ আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশই একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল সমাজ গঠনের অন্যতম ভিত্তি—এই বিশ্বাস থেকেই উৎসবের আয়োজন।
উৎসবে বাংলাদেশের বর্ষার ঐতিহ্য ও সংস্কৃতিকে নান্দনিকভাবে উপস্থাপন করা হচ্ছে। আয়োজনের অংশ হিসেবে রয়েছে বর্ষার গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পী, কবি, আবৃত্তিশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে এটি প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতামত দিন