Views Bangladesh Logo

মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুরে একটি মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসার পাশের ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে থাকা মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) রয়েছে। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।

স্থানীয় বাসিন্দা ইমন সরদার বলেন, তাঁর বসতঘরের সামনে কীভাবে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে তিনি ঘটনাটি জানতে পারেন।

দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, মাদ্রাসা লাগোয়া এলাকায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, বোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে এবং কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ