Views Bangladesh Logo

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, বাড্ডা থানায় জিডি

বোমা হামলার হুমকির ই-মেইল পাওয়ার পর রাজধানীর মেরুল-বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করার পরই এই ব্যবস্থা নেওয়া হয়। তবে হুমকিদাতা কে, তা এখনো শনাক্ত করা যায়নি।

সোমবার (৫ অক্টোবর) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানান, রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ই-মেইলে মঙ্গলবার ক্যাম্পাসে ব্যাপক বোমা হামলার কথা জানানো হয়েছে। অভিযোগ হাতে পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানান তিনি।

পুলিশ সূত্র বলছে, রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বার্তাটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়। মঙ্গলবার সকাল ১১টার দিকে হামলার সময় নির্ধারণ করা হয় ওই বার্তায়। হুমকিদাতা আরও লিখেছেন, ঘটনা ঘটতে যাচ্ছে এবং তা কেউ ঠেকাতে পারবে না।

ঘটনার তদন্তে একাধিক সংস্থা কাজ করছে। ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ইউনিট, পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট (সিটিটিসি) ও থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ই-মেইলটি কোথা থেকে, কী প্রক্রিয়ায় পাঠানো হয়েছে, তা বের করাই এখন মূল চ্যালেঞ্জ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, অজ্ঞাত একটি উৎস থেকে ই-মেইলটি এসেছে। এটি হাতে পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং তাদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছওকে

শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার নিরাপত্তা নিশ্চিত করাকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে কর্তৃপক্ষ। হুমকির বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ।

এর আগে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবির খান বলেছিলেন, এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই এবং এটিকে বাস্তব হুমকি হিসেবে দেখা হচ্ছে না। তবু সতর্কতার অংশ হিসেবে ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ