বৈশাখী টেলিভিশনে ‘মব’ করার অভিযোগ
বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে টেলিভিশনটির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে প্রতিষ্ঠানে ‘মব’ করার অভিযোগ তোলেন এক ব্যক্তি।
বিকেল ৪টার দিকে ‘বৈশাখী টিভি নিউজ’ ফেসবুক পেজ থেকে ওই লাইভ সম্প্রচার করা হয়। নিরাপত্তার স্বার্থে লাইভে আসা ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করেননি।
এদিকে পুলিশ জানিয়েছে, বৈশাখী টেলিভিশনে জুলাই অভ্যুত্থানের সময়কার হত্যাকাণ্ডের একটি মামলার আসামি রয়েছেন। তাঁকে বনানী থানায় নেওয়া হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন বলেন, বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ‘ওখানে জুলাই অভ্যুত্থানের সময়কার হত্যাকাণ্ডের এক আসামি আছেন।’
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি টেলিভিশনটির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন। তিনি বলেন, ‘আমি সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে আছি। একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। বিস্তারিত তেমন কিছুই জানি না।’
প্রায় সোয়া চার মিনিটের লাইভে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, সাদা শার্ট পরা এক ব্যক্তি কিছুক্ষণ আগে বৈশাখী টেলিভিশনে ব্যাপক ভাঙচুর করেছেন।
লাইভে সাদা শার্ট পরা এক ব্যক্তিকে মুঠোফোন ব্যবহার করতে দেখা যায়। তবে ওই ব্যক্তির পরিচয় কিংবা তিনি সেখানে কী করছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
মতামত দিন