Views Bangladesh Logo

তৃণমূল কার্যালয়ে মমতার ঘনিষ্ঠ সহযোগীর মরদেহ উদ্ধার

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার ও পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুটও পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে রাজনীতিতে আসার বিষয়ে গভীর অনুশোচনা প্রকাশের পাশাপাশি পরিবারের সদস্যদের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন আশিস। তবে চিরকুটের সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।

চিরকুটে তিনি তারাপীঠ–রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি (টিআরডিএ) নিয়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগও অস্বীকার করেছেন। তাঁর দাবি, টেন্ডার, চেকে স্বাক্ষর, প্রকল্প অনুমোদন বা ‘নো অবজেকশন’ সনদ দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাঁর ছিল না এবং এসব বিষয়ে তাঁকে পরামর্শও করা হতো না।

আশিস বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তৃণমূল সরকারের প্রথম মেয়াদে তিনি শিক্ষা ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং পরে বিধানসভার ডেপুটি স্পিকার হন। তবে চলতি বছরের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। গত জুনে তিনি বীরভূম জেলা কোর কমিটির চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেছিলেন।

ঘটনার পর তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সে দেওয়া পোস্টে আশিসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা অপপ্রচারের সমালোচনা করেন। তিনি বলেন, অভিযোগ প্রমাণের আগেই জনসমক্ষে একজন মানুষের সম্মানহানি করার রাজনৈতিক সংস্কৃতি নিয়ে সবাইকে আত্মসমালোচনা করা উচিত।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ