Views Bangladesh Logo

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন আগেই বিভিন্ন ছাত্রসংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে একাধিক সমন্বয় সভা করেছিল। জাতীয় গুরুত্বের এ কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও উন্নয়নের স্বার্থে সবার দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত ছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে অনুষ্ঠান চলাকালে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটে। প্রশাসনের ভাষ্য, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের সুনাম, শিক্ষার পরিবেশ ও চলমান উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করতে পারে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তীব্র নিন্দা জানিয়েছে এবং শিক্ষার্থীদের সংযম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান মেনে চলার আহ্বান জানিয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের শনাক্ত করতে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আজম খানকে। সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর।

বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ