ঢাকায় নোয়াখালীর দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকার বাড্ডা ও ভাটারা এলাকা থেকে নোয়াখালীর দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার আলাইয়ারপুরের হারুনুর রশিদের ছেলে মো. সাগর (৩১) এবং সেনবাগ থানার আহম্মেদপুর গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মাহফুজুর রহমান ইমন (২০)।
সাগর পরিবারের সঙ্গে বাড্ডার সাতারকুলের জিএম বাড়ি খালপাড় এলাকার একটি বাসার পঞ্চম তলায় থাকতেন। বৃহস্পতিবার ভোরে বাসার জানালার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বাড্ডা থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খান জানান, সাগর দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি হতাশাগ্রস্ত ও নেশাগ্রস্ত ছিলেন। বুধবার রাত ৩টার দিকে তার স্ত্রী তাকে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
অন্যদিকে, ইমনকে ভাটারা থানার ঢালীবাড়ি কাঁচাবাজার এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। বুধবার রাত ১০টার দিকে তার বাবা মোবাইল ফোনে কথা বলার জন্য বাইরে বের হন। পরে ঘরে ফিরে চালের আড়ার সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ইমনকে দেখতে পান বলে পুলিশ জানিয়েছে।
ভাটারা থানার উপপরিদর্শক হাসানুজ্জামান বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ইমন মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, দুটি ঘটনারই তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।
মতামত দিন