বুড়িগঙ্গার আদি চ্যানেল থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো—সাইফ (৯) ও রোহান (৮)। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল থেকে তারা নিখোঁজ ছিল বলে জানিয়েছে তাদের পরিবার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে নদীর পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে। পরে স্বজনরা মরদেহ দুটি পানি থেকে তুলে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নৌ পুলিশের বরিশুড়ি ফাঁড়ির সহকারী উপপরিদর্শক বাবুল জানান, খেলতে গিয়ে দুই শিশু পানিতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা সাঁতার জানত না। এ কারণে পানির গভীরে তলিয়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত সাইফের বাবা সাইদুল হক ভ্যানিটি ব্যাগের ব্যবসা করেন। আর রোহানের বাবা শফিক মোবাইল ফোন মেরামতের কাজ করেন। দুই শিশুর পরিবারই কামরাঙ্গীরচরের রহমতবাগের ম্যাচ ফ্যাক্টরি এলাকায় বসবাস করে।
সহকারী উপপরিদর্শক বাবুল বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মতামত দিন