Views Bangladesh Logo

শাহবাগে তিন স্থানে অজ্ঞাত তিনজনের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক তিনটি স্থান থেকে অজ্ঞাতপরিচয় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আনন্দবাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের ফুটপাত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা তিনজনকে পৃথক স্থানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সকাল ১১টার দিকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের একজনের বয়স আনুমানিক ৬০ বছর এবং অন্যজনের বয়স প্রায় ৫৫ বছর। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মৃতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ভবঘুরে বা গৃহহীন ছিলেন।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ