Views Bangladesh Logo

তুষারধসে নিহত পর্বতারোহী নির্মল পুরজাসহ চারজনের মরদেহ উদ্ধার

তুষারধসে নিখোঁজ হওয়ার তিন দিন পর কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে থেকে বিখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পুরজাসহ আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

১০ সদস্যের একটি বহুজাতিক অভিযাত্রী দলের নেতৃত্বে থাকা ৪৩ বছর বয়সী পুরজার মৃত্যুর বিষয়টি শনিবার নিশ্চিত করে তার প্রতিষ্ঠান এলিট এক্সপিডিশনস। বিশ্বের ১২তম সর্বোচ্চ পর্বত, ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকের চূড়ার কাছে বৃহস্পতিবার তুষারধসের কবলে পড়ে দলটি।

উদ্ধারকারীরা প্রায় ৫ হাজার ৭০০ মিটার উচ্চতায় পুর্জার মরদেহ শনাক্ত করেন, সঙ্গে আরও তিনজনের এখনও পরিচয় নিশ্চিত না হওয়া মরদেহও পাওয়া যায়। এর আগে পাকিস্তানি কর্মকর্তারা মার্কিন পর্বতারোহী ম্যালোরি গেইস, ওমানের নাদিরা আহমেদ আবদুল্লাহ আল হার্থি এবং নেপালি পর্বতারোহী পুর বাহাদুর গুরুংয়ের মরদেহ উদ্ধার করেছিলেন।

এই দুর্ঘটনায় ছয়জন নেপালি ও চারজন বিদেশি পর্বতারোহীর প্রাণহানি ঘটে, যা নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ।

গোর্খা রেজিমেন্ট ও ব্রিটিশ স্পেশাল ফোর্সের সাবেক সদস্য পুর্জা ২০১৯ সালে মাত্র ছয় মাসে বিশ্বের আট হাজার মিটারের ওপরের সবগুলো (১৪টি) শৃঙ্গ জয়ের রেকর্ড গড়ে খ্যাতি অর্জন করেন। এই কৃতিত্ব নিয়েই নেটফ্লিক্সে তৈরি হয়েছিল প্রামাণ্যচিত্র '১৪ পিকস: নাথিং ইজ ইমপসিবল'।

অভিযানে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজের শেষ পোস্টে পুর্জা লিখেছিলেন, ব্রড পিকের কাছে তিনি শুধু নিরাপদে ওঠা ও নামার প্রার্থনা করছেন, কোনো পর্বতকেই তিনি হালকাভাবে নেন না।

পাকিস্তান ও চীন সীমান্তে কারাকোরাম পর্বতমালায় অবস্থিত ব্রড পিক তার অস্বাভাবিক দীর্ঘ, প্রায় ২ কিলোমিটার বিস্তৃত শীর্ষ শৈলশিরার জন্য পরিচিত। ২০১২ সালের মার্চ পর্যন্ত এই শৃঙ্গে সফল আরোহণের সংখ্যা ছিল ৪০৪টি, আর প্রাণহানি ঘটেছিল ২১ জনের।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ