বিএনপির বিজয় সুনিশ্চিত: মাহদী আমিন
দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, এই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষের জয় এখন সময়ের ব্যাপার মাত্র।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ‘ভোটাররা যেভাবে কেন্দ্রে এসে তাদের অধিকার প্রতিষ্ঠা করছেন, তাতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ধানের শীষের জয় সুনিশ্চিত হতে চলেছে। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ততা দীর্ঘদিনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন।
তিনি অভিযোগ করেন, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনার আয়োজন করেছে। এসব ঘটনা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকিস্বরূপ।
মাহদী আমিন আরও উল্লেখ করেন, নোয়াখালীর হাতিয়া এবং কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের কিছু এলাকায় নির্বাচনী অসংগতি ও কারচুপির ঘটনা ঘটেছে। বিশেষ করে হাতিয়া সংসদীয় আসনে বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন, অনেক জায়গায় প্রতিপক্ষ দলগুলো পরিকল্পিত আক্রমণ চালিয়ে ত্রাস সৃষ্টি করছে। বিএনপি ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তাৎক্ষণিক প্রতিকার দাবি করেছে।
মাহদী আমিনের মতে, প্রতিপক্ষ দলগুলো ভোটের ময়দানে জনসমর্থন হারিয়ে পেশিশক্তি ও সহিংসতার ওপর নির্ভর করছে। প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান, তারা দ্রুত এই সহিংসতা দমন করে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে।
তিনি দলের নেতাকর্মী ও সমর্থকদের ধৈর্য ধরে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার এবং শেষ পর্যন্ত মাঠে থাকার নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনের শেষে মাহদী আমিন পুনর্ব্যক্ত করেন, ‘জনগণের রায়ের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং কোনো অপশক্তিই এই বিজয়ের ধারাকে রুখতে পারবে না। আশা করি দিন শেষে একটি স্বচ্ছ ফলাফল জাতির সামনে উপস্থাপিত হবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে