রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
নূরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের অভ্যন্তরে এবং স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। তবে প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা আলোচনা করা হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই উপযুক্ত প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে প্রকাশ করা হবে।
রাষ্ট্রপতি পদে কেমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হতে পারে, জানতে চাইলে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, দল সবসময় যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে এমন একজনকে মনোনয়ন দেওয়া হবে, যিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করতে পারবেন। এ বিষয়ে দলের চেয়ারম্যানের নির্দেশনাই চূড়ান্ত।
মতামত দিন