Views Bangladesh Logo

নিজেকে ভোট দিতে পারছেন না আমীর খসরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুই হেভিওয়েট প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবু সুফিয়ান নিজ নিজ আসনে ভোট দিতে পারছেন না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তিনি ভোট দেবেন উত্তর কাট্টলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, যা চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের অন্তর্ভুক্ত।

ফলে তিনি নিজের আসনে ভোট দিতে পারছেন না। তার ব্যক্তিগত সহকারী জানিয়েছেন, ভোটের দিন সকাল ৮টায় তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন। এ আসনে তার ভোট পাচ্ছেন দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী।

অন্যদিকে, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে বিএনপির প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানও নিজ আসনে ভোট দিতে পারছেন না। তিনি ভোট দেবেন চান্দগাঁও আবাসিক এলাকার সিডিএ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে, যা চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের অন্তর্ভুক্ত। ফলে তাঁর ভোট যাবে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর পক্ষে।

এদিকে বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটকেন্দ্রও নির্ধারিত হয়েছে। চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থী ডা. একেএম ফজলুল হক ভোট দেবেন জামালখানের ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। চট্টগ্রাম-১১ আসনে জামায়াতের প্রার্থী শফিউল আলম ভোট দেবেন দক্ষিণ হালিশহর মুন্সিপাড়া কেন্দ্রে।

জামায়াতের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সাতকানিয়া ছমদরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমীন ভোট দেবেন লোহাগাড়ার সুখছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

এ ছাড়া আসলাম চৌধুরী ভোট দেবেন সীতাকুণ্ডের ভাটিয়ারীর ভানুবাজার মাদরাসা-ই-মোহাম্মদিয়া আহম্মদিয়া আলিয়া কেন্দ্রে। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দীক চৌধুরী ভোট দেবেন উত্তর সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল ভোট দেবেন মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ ভোট দেবেন পুরাতন চান্দগাঁও থানার শরাফাত উল্লাহ পেট্রল পাম্প সংলগ্ন কেন্দ্রে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ