Views Bangladesh Logo

মরদেহের গোসলখানা নির্মাণ নিয়ে পল্লবীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্পে মরদেহের গোসলখানা নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থি দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ১২ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্যাম্পে একটি মরদেহের গোসলখানা তৈরি করা হচ্ছিল। সেখানে পানির পাম্প বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, সেকশন-১১ তালাব ক্যাম্পে গোসলখানা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পক্ষের নেতৃত্বে ছিলেন সুমন ও জামায়াতের কর্মী মানিক। তাঁদের সঙ্গে প্রায় ৫০ থেকে ৬০ জন ছিলেন। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন বিএনপিপন্থি ছাত্রদলের আহ্বায়ক সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কু। তাঁদের সঙ্গে প্রায় ২০০ থেকে ২৫০ জন ছিলেন।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ