সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন
সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩ পদেই বিএনপিপন্থিদের জয়
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ১৪টির মধ্যে ১৩টি পদেই জয় পেয়েছে বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল)। বাকি একটি সদস্য পদে জয়লাভ করেন জামায়াতে ইসলামী–সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের (সবুজ প্যানেল) প্রার্থী।
দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে বুধবার (১৩ মে) রাত থেকে ভোট গণনা শুরু হয়। পরে বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী।
ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আব্দুল বাতেন পেয়েছেন ৭৭৮ ভোট।
সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী ২ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।
সহ-সভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান। সহ-সম্পাদকের দুটি পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।
কার্যনির্বাহী কমিটির সাত সদস্য পদের মধ্যে ছয়টিতে জয় পেয়েছে নীল প্যানেলের প্রার্থীরা। বিজয়ীরা হলেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও মো. টিপু সুলতান। অন্য একটি সদস্য পদে জয় পেয়েছেন সবুজ প্যানেলের আজিম উদ্দিন পাটোয়ারী।
এবারের নির্বাচনে ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৪৮ জন আইনজীবী ভোট দেন। ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪০ জন প্রার্থী।
উল্লেখ্য, নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপি সমর্থিত প্যানেল অংশ নিলেও আওয়ামী লীগপন্থি আইনজীবীরা অংশ নিতে পারেননি। গত ২৬ এপ্রিল বিশেষ সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বন্ধ করা হয়। তবে এ সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও বেআইনি বলে দাবি করেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে