ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পা বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান
বিএনপি ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বেলা আড়াইটার দিকে নীলফামারী পৌরসভা মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, নীলফামারীকে একটি শিল্পাঞ্চলে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। এখানে নতুন কলকারখানা স্থাপন করা হবে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ডসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে কোন ধর্ম-বর্ণ ছিলো না। ঠিক ২০২৪ সালের গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনেও কোন ধর্ম-বর্ণ ছিলো না। আমরা ক্ষমতায় আসলে কোন ধর্ম-বর্ণ দেখা হবে না। আমি পরিষ্কার ভাবে বলতে চাই আগামী দিনের রাজনীতি হবে দেশ গঠনের। এ ক্ষেত্রে দল-মত নির্বিশেষে একসাথে আমরা কাজ করতে চাই। সামনে এগিয়ে যেতে চাই।
বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের ক্ষমতার সঠিক মূল্যায়নের সময় এসেছে। আগামী দিনে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হবে। একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করে বলেন, ভোটারদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি।
সমাবেশ শেষে তিনি নীলফামারী-১ আসনে জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মঞ্জুরুল আলম আফেন্দী, নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৩ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ আলী এবং নীলফামারী-৪ আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকারকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, আহ্বায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন, নীলফামারী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব উর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবুসহ অনেকে।
এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নীলফামারী পৌর মাঠে এসে সমবেত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে