জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মিন্টু
জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ফেনীর দাগনভূঞা থানায় মিন্টুর পক্ষে তার নির্বাচনী এজেন্ট মোহাম্মদ শামছুদ্দিন জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান।
জিডিতে উল্লেখ করা হয়, গত ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে জামায়াতের নির্বাচনী সভায় দলটির নেতা মেজবাহ উদ্দিন সাঈদ মিন্টুকে উদ্দেশ্য করে হুমকি দেন।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে আপনি কোথায় পালিয়ে যাবেন? শেখ হাসিনা ভাত রেখে পালিয়ে গেল, আপনাকে কী রেখে পালাতে হবে, তা আমি বলতে চাই না।
জিডিতে আরও দাবি করা হয়, বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে মেজবাহসহ অন্যান্য জামায়াত নেতাদের পক্ষ থেকে। এতে সম্মানহানি ও নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এসবের প্রতিকার চেয়ে থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান বলেন, বিএনপি প্রার্থী তার প্রতিনিধির মাধ্যমে থানায় জিডি করেছেন। বিষয়টি পুলিশ দেখছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে