Views Bangladesh Logo

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ সেপ্টেম্বর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি। পরদিন মনোনয়ন ফরম জমা নেওয়া হবে এবং ১৮ সেপ্টেম্বর সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেবে দলটির মনোনয়ন বোর্ড।

শনিবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগ্রহী প্রার্থীরা ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ১৬ সেপ্টেম্বর ফরম জমা দিতে হবে।

১৮ সেপ্টেম্বর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলে জানান রিজভী।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। আসনটিতে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিহউল্লাহ ও ফরহাদ হালিম উপস্থিত ছিলেন।

বৈঠকে দলের বিভিন্ন কমিটির শূন্য পদ পূরণের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। রিজভী জানান, যেসব কমিটির সদস্য মারা গেছেন কিংবা বহিষ্কৃত হয়েছেন, গঠনতন্ত্র অনুযায়ী সেসব শূন্য পদ পূরণের ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বৈঠকে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসের অভিযান নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন, সে জন্য তাকে ধন্যবাদও জানানো হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে ঢাকাসহ সারাদেশে প্রচারপত্র বিতরণের সিদ্ধান্ত হয়েছে। দেশের বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞদের নেতৃত্বে এসব প্রচারপত্র তৈরি করা হবে। পাশাপাশি টেলিভিশন ও বেতারে সামাজিক সচেতনতা তৈরিতে দলের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হবে।

স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাটবাজারে আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখার বিষয়ে জনসচেতনতা তৈরিতেও বিএনপি কাজ করবে বলে জানান রিজভী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ