Views Bangladesh Logo

এমপিদের দুই দিনের সংসদীয় প্রশিক্ষণ দেবে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপি আগামী ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই কর্মশালার উদ্বোধন করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে কেন্দ্র করেই নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

প্রশিক্ষণে বিশেষভাবে প্রথমবার নির্বাচিত এমপিদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট প্রক্রিয়া, স্থায়ী কমিটির কাজ এবং মন্ত্রণালয় পরিচালনার কৌশলগত দিক সম্পর্কে ধারণা দেওয়া হবে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা প্রদান করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, কর্মশালায় সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন, নীতিমালার কার্যকর প্রয়োগ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদারকি, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়ে আলোচনা হবে।

প্রথম দিন, ৬ মার্চ, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। বিকেল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত দ্বিতীয় সেশনে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন।

দ্বিতীয় দিন, ৭ মার্চ, সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বাকি সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। বিকেল সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের এমপিরা অংশ নেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ